বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ২১ ফেব্রুয়ারি ২০২১ ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১’ উদ্যাপন উপলক্ষ্যে ‘ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু’ শীর্ষক জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়। মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কমিশনের সদস্য আব্দুল মান্নান। কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন।
সোহরাব হোসাইন বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের জন্য বার বার কারাবরণ করেছেন। তিনি ভাষা আন্দোলনের ঊষালগ্নের মহানায়ক। বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজেদের কাজগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করি তবেই ভাষাশহিদদের প্রতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যথাযথ মর্যাদা দেখানো হবে।’ —প্রেস বিজ্ঞপ্তি
