বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উচ্চ শিক্ষা এবং উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রবিবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিশ্বে জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা হচ্ছে ষষ্ঠ ভাষা। অথচ জাতিসংঘ এখনো দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দেয়নি। আমরা আজকে একুশের মঞ্চ থেকে সেই দাবি জানাচ্ছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও আমাদের বিজয় সুসংহত হতে পারেনি কারণ আমাদের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার ডালপালা বাংলাদেশে এখনো রয়ে গেছে। তাই এবারকার একুশের প্রত্যয় হোক আমরা সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে উপড়ে ফেলতে চাই।’ দেশের জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উত্পাটনের প্রত্যয় আমাদের।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।