ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কসহ ৯ নেতাকর্মী কারাগারে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ছাত্রদল ও বিএনপির ৯ নেতাকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার তাদের দুই দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মামুন, তারিকুল, আবুল হোসেন, সাফায়াত হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, সালমান হোসেন ও রাসেল।

পুলিশ জানায়, এদের মধ্যে প্রথম পাঁচ জন শাহবাগ থানা ও পরে চার জন রমনা থানার মামলার আসামি। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সমাবেশ ডাকে বিএনপি। ঐ দিন প্রেসক্লাবের পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ রমনা থানা ও শাহবাগ থানায় পৃথক দুইটি মামলা করা হয়।