কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর নববধূ রুবা হত্যা মামলায় দুই নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোহরাব, তার স্ত্রী জোত্স্না, ছেলে শরিফ, মুসলিম, তার স্ত্রী নূর নাহার ও লুত্ফর ওরফে রুকন।
মামলার বিবরণে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া মোগলপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শামীমের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে রুবার। এ বিয়েতে শামীমের মত ছিল না। বিয়ের মাত্র ১৫ দিন পর ২০১১ সালের ৩ জুন রাতে আসামিরা শ্বাসরোধ করে রুবাকে হত্যা করে বাড়ির পেছনের ডোবায় ফেলে রাখে। এ ব্যাপারে রুবার ভাই আলামিন বাদী হয়ে ৪ জুন স্বামীসহ সাত জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
