লাল বাঁধাকপি ও মিষ্টিকুমড়া চাষে ঝুঁকেছে চাষি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৭

ধামরাইয়ে রেড ক্যাবেজ চাষ করে লাভের মুখ দেখেছেন ঘোড়াকান্দা গ্রামের সবজিচাষি আবুল বাশার। শেষ পর্যায়ে এসেও সবুজ বাঁধাকপির তিন গুণ দামে বিক্রি হচ্ছে রেড ক্যাবেজ। কপি নিয়ে হাটবাজারে যেতে হয় না। ফোন করলে পাইকাররা এসে নগদ মূল্য পরিশোধ করে তারাই কেটে নিয়ে যায় জমি থেকে। এতে সময়, শ্রম ও পরিবহন খরচ বেঁচে যায় বাশারের। কপি যায় সাভার সেনা কমপ্লেক্সের সবজি মার্কেটে। আবুল বাশার জানান, এসডিআইয়ের প্রশিক্ষণ ও পরামর্শ মতে অন্যান্য সবজির পাশাপাশি দুই তিন বছর ধরে তিনি রেড ক্যাবেজ চাষ করছেন। এই সবজি চাষ লাভজনক। প্রতিটি সবুজ বাঁধাকপির দাম তিন থেকে পাঁচ টাকা কিন্তু রেড ক্যাবেজের দাম প্রতিটি এখনো ১৫ টাকা। রেড ক্যাবেজ শেষ হতে না হতেই একই জমিতে মিষ্টিকুমড়া ধরতে শুরু করেছে। এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামসুল হক জানান, প্রশিক্ষণ, পরামর্শ, সরঞ্জামসহ নানাভাবে সহযোগিতার মাধ্যমে অধিকতর পুষ্টিগুণ সম্পন্ন নিরাপদ সবজি উত্পাদনে তারা চাষিদের উত্সাহিত করে থাকেন। সেই ধারাবাহিকতায় বাসনার মোশাররফ হোসেন রেড ক্যাবেজ চাষ শুরু করেন। তার সফলতা দেখে পরবর্তীতে আরো অনেকেই রেড ক্যাবেজ চাষ শুরু করেন।