এক দিনে সাত মৃতের মধ্যে চার জনের বয়স ৬০ বছরের বেশি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৮

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো সাত জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৩৬৬ জন। গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৬৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া সাত জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৬৯২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন হয়েছে।                স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৪টি ল্যাবে ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৫৮ হাজার ৭৭৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ লাখ ৫৯ হাজার ৯৫৮টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৮ লাখ ৯৮ হাজার ৮১৮টি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে চার জন পুরুষ আর নারী তিন জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে চার জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৪১ থেকে ৫০ মধ্যে ছিল। মৃতদের মধ্যে পাঁচ জন ঢাকা বিভাগের, এক জন করে রাজশাহী ও বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।