চটুল গল্প খিচুরি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৪

 

খিচুরি রান্না শিখতে এক হাজার কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব শুনে বর্ষার কথা মনে পড়ে গেল। খিচুরির সঙ্গে নাকি বর্ষার অনেক সম্পর্ক। আপনারা ভাবছেন বর্ষাকাল! আসলে বর্ষা একটি মেয়ের নাম। যার হাতে খিচুরি ছিল মার্কামারা। একটু আগে ফুড পান্ডার নাম্বার খোঁজ করছিলাম যাতে বিদেশফেরত খিচুরি কারিগরদের হাতের রান্না অগ্রিম অর্ডার করে রাখতে পারি।

জগতে অনেক কিছু বোঝার ভুল থাকে। এমনও হতে পারে কেউ কেউ খিচুরি শিখতে নয় বরং বর্ষা ভুলে মাইনাস ডিগ্রি তাপমাত্রায় খিচুরি খাওয়ার অনুভূতি বুঝতে হলেও বিদেশ যাওয়া দরকার কিংবা মরুভূমির বালুর উত্তাপে খিচুরি মুখে দিলে কি বর্ষার স্বাদ পাওয়া যায়! তা জানাও গুরুত্বপূর্ণ। খিচুরি মূলত মিসরীয় খাবার ‘কুশারি’ থেকে আগত, সেটাও পরখ করে দেখার জন্য বিদেশযাত্রা অনস্বীকার্য ভাবছেন অনেকে।

সেদিন নতুন বউ খিচুরি রান্না করেছে। এহেন আয়োজন! ছোটখাটো প্রশংসা করলে হবে না। মাথায় তেমন কিছু আসছে না। হঠাত্ বউ খিচুরিসমেত হাত দুটো বাড়িয়ে দিল—তা দেখে সোয়ামি বলল ‘তোমার হাতে চুড়ি খিচুরি দুটোই ভালো মানায়।’

তবে কেন জানি মনে হয় খিচুরি অলসদের খাবার বিশেষ করে যারা ভাত-ডাল আলাদা করে নিয়ে মাখতে আলসেমি করে। অন্যদিকে লেখকদের বউরা ‘কী জগাখিচুড়ি লিখো’ বলে কটূক্তি না করলে নাকি তাদের নাকি পেটের খিচুরি হজমও হয় না।

আমাদের সন্দ্বীপে প্রবাসীর অভাব নেই। হঠাত্ এক চাচা প্রবাস থেকে এক সুন্দরী ইউরোপিয়ান বিয়ে করে নিয়ে এলো। যথারীতি সে খেতে বসল। ভাত দেখে রুপিয়ান চাচি বলে উঠল, ‘ওয়াও গোল্ডেন রাইচ্!’ তা শুনে পাশ থেকে আরেকজন চিত্কার করে বলে উঠল, ‘ইয়া ইয়া, অ্যাজ লাইক অ্যাজ গোল্ড। টুয়েন্টি টু-কে ক্যারেটস, দেটস কল্ড খিচুড়ি রাইচ।’

চাচি পুনরায় বলল, ‘হোইটস ক্যারেটস?’

পাশের দাদা হালকা ইংলিশে বলা শুরু করল, ‘সিমিলার কালার টু গাজর! গাজর! ইংলিশে ক্যারটস!’

তা শুনে চান্দু সেদিন প্রশ্ন করল, ‘মূলা আর গাজরের মধ্যে পার্থক্য কি জানেন?’

বললাম, ‘জানি না।’

অতঃপর সে বলল, ‘মূলা হলো সাদা ভাত আর গাজর হলো খিচুরি ভাত।’

পরিশেষে খিচুরি রান্না শিখে ফেরত এসেছেন কর্মকর্তারা। সবাই একে একে বলছেন তাঁরা কী কী শিখেছেন। সেখানে একজন শুধু খেয়েছে কিছু শেখেনি তা বুঝে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, ‘খিচুরি নিয়ে আপনার মতামত কী?’ তিনি বললেন, ‘অদূর ভবিষ্যতে বাংলাদেশে খিচুরি আমদানির সমূহ সম্ভাবনা দেখা দিয়েছি যা নিঃসন্দেহে রপ্তানি বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এত টাকা খরচ করে খিচুরি রান্না শিখতে যাবে শোনার পর জগাখিচুড়ি শব্দটি মস্তিষ্কে রূপান্তর হয়ে যেন ‘সোনালি ভাত’ হয়েছে।  সত্যি বলতে শেখার কোনো শেষ নেই।

অলংকরণ :অবিনাশ আচার্য