রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, সাত বসতঘর ভস্মীভূত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পড়ে গেছে সাতটি বসতঘর। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের নাথপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ তালুকদার জানান, বিধান নাথের বাড়ির রান্নাঘরে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় লোকজন বের হয়ে আসলেও আড়াই বছরের শিশু বিনায়েত নাথ ঘরের ভেতর আটকা পড়ে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি বসতঘর পুড়ে যায়।