গ্রেনেড নিক্ষেপকারী জঙ্গি ইকবাল ১৬ বছর পর র্যাবের হাতে গ্রেফতার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৫

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেন ওরফে ইকবাল ওরফে জাহাঙ্গীর ওরফে সেলিম গ্রেফতার হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানিয়েছে, জঙ্গি নেতা মুফতি হান্নানের নির্দেশে ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে মঞ্চে সরাসরি গ্রেনেড নিক্ষেপ করেছিল। ঘটনার ১৬ বছর এবং আদালতের রায়ের তিন বছর পর ইকবালকে               গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব তথ্য জানান।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগের তত্কালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী  শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শত শত নেতাকর্মী।

র্যাবপ্রধান বলেন, গ্রেনেড হামলার পর ইকবাল আত্মগোপনে গিয়ে কখনো নিরাপত্তাকর্মী, শ্রমিক আবার কখনো রিকশার মেকানিক হিসেবে ছদ্মবেশে জীবন যাপন করতে থাকে। এক পর্যায়ে অবৈধ অভিবাসী হিসেবে মালয়েশিয়ায় পাড়ি জমায়। সংশ্লিষ্টদের ধারণা, ম্যানুয়াল পাসপোর্টের সুযোগ নিয়ে ভিন্ন পরিচয়ে বিদেশে চলে যায় সে। গত বছরের শেষের দিকে অবৈধ অভিবাসী হিসেবে তাকে দেশে ফেরত পাঠানো হয়। আসামিদের নজরদারির ধারাবাহিকতায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যমতে র্যাবের গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল জঙ্গি ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়।