পোর্ট ছাড়া স্মার্টফোন!

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:২৯

অ্যান্ড্রয়েড   কর্নার

তারিক রহমান

 

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্মার্টফোন দুনিয়ায় চমক দেখালো চীনা প্রতিষ্ঠান মেইজু। প্রতিষ্ঠানটি ‘মেইজু জিরো’ নামে নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে।

ডিভাইসটিতে নেই কোন বাটন, স্পিকার ছিদ্র কিংবা চার্জিং পোর্ট। এমন কী ফোনটিতে নেই কোন সিম কার্ড স্লট।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর সম্বলিত ফুল ভিউ ডিসপ্লের ডিভাইসটির সামনের অংশ দেখতে অনেকটা স্যামসাং-এর গ্যালাক্সি এস ৯-এর মতো। নেই কোন নচ। ডিসপ্লে সাইজ ৫.৯৯ ইঞ্চি এবং রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। গেমিং ও গ্রাফিক্স সুবিধার জন্য রয়েছে অ্যা ড্রিনো ৬৩০ জিপিইউ।

স্মার্টফোনটিতে চার্জার পোর্টের বদলে রয়েছে ওয়্যারলেস প্রযুক্তি। সেখানে রয়েছে সুপার এমচার্জিং প্রযুক্তি, ফলে দ্রুত চার্জ হবে ডিভাইসটি। সিরামিক বডির এই ফোনটি আইপি৬৮ রেটিং পানি এবং ধুলো প্রতিরোধী। মিউজিক শোনার জন্য রয়েছে ব্লুটুথ সুবিধা। সিম কার্ড স্লট তো নেই-ই, ফোনটিতে রাখা হয়নি কোন মাইক্রো এসডি কার্ড ব্যবহারের স্লট। সাধারণ স্লটে ব্যবহারের সিমের বদলে রয়েছে ই-সিম প্রযুক্তি। সাউন্ড নিয়ন্ত্রণের জন্য রয়েছে প্রেসার সেনসিটিভ ভলিউম আপ ডাউন সুবিধা। সেখানে ব্যবহার করা হয়েছে এমইঞ্জিন ২.০ প্রযুক্তি। ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে থাকবে ১২ ও ২০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি ও  ভিডিও চ্যাটের জন্য সামনে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় মিলবে ফেইস আনলক সুবিধা। ডিভাইসটির মূল্য কত হবে এবং বাজারে কবে পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, আগামী মাসে গ্রাহকদের জন্য বাজারে ছাড়া হতে পারে ডিভাইসটি। প্রথমে ডিভাইসটি শুধু চীনের বাজারে বিক্রি শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশে বিক্রি শুরু হবে ফোনটি।