নাম তার জাহিদুর রহমান ইকবাল। নিজেকে পরিচয় দিতো ‘বনবন্ধু’ জাহিদুর রহমান ইকবাল নামে। মুজিব বর্ষের লোগো, প্রধানমন্ত্রীর বাণী সম্বলিত ৪০ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে গাছ লাগানোর কথা বলে প্রতারণা করতো ‘বনবন্ধু’ জাহিদুর রহমান।
এর মাধ্যমে সে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। নিজেকে একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিত।
এছাড়াও ব্যাংকে লোন করে দেওয়ার কথা বলেও অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের শাহ আলী ভবন থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুণ-অর-রশীদ তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন। ডিসি হারুণ-অর-রশীদ বলেন, গত ৩০ বছর ধরে কারওয়ান বাজার এলাকায় গ্রেফতার জাহিদুর রহমান ইকবাল ওরফে বনবন্ধু জাহিদুর রহমান ইকবাল প্রতারণা করে আসছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিববর্ষের লোগো ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করাই তার বর্তমানে মূল প্রতারণা। সে প্রায় ৪০ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছে। এর মাধ্যমে সে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকাও হাতিয়ে নিয়েছে।
তিনি বলেন, প্রতারক বনবন্ধু জাহিদুর ট্রি প্লান্টেশনের নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পরিচয় দিত। মুজিববর্ষে সে বিভিন্ন জায়গায় গাছ লাগাবে বলে অনেকের কাছ থেকে টাকা নিত। কনসালটেন্ট গ্রুপ লি:, এসএম ই কনসালটেন্ট লি:, ইইএফ কনসালটেন্ট লি: এর নামে তিনটি অবৈধ কোম্পানির চেয়ারম্যান এবং সিইও হিসেবে নিজেকে দাবি করে। সেসব কোম্পানির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কথিত বনবন্ধু।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করবো। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ডকুমেন্টস প্রসেসিং, ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠানের ডকুমেন্টস প্রসেসিং, টিন ভ্যাট রেজিস্ট্রেশন, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স ডকুমেন্টস প্রসেসিং ইত্যাদির নামে অসংখ্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অংকের অর্থ আত্মসাৎ করেছে।
গ্রেফতারকৃতের কাছ থেকে ২৭০টি সীল, বিভিন্ন প্রতিষ্ঠানের ডকুমেন্টস প্রসেসিং ফাইল ১৮৪টি, মুজিব বর্ষের লোগো ব্যবহার করা ও প্রধানমন্ত্রী বাণী সম্বলিত চিঠি ৫০০টি, সিপিইউ দুটি, প্রিন্টার দুটি, স্ক্যানার একটি, মনিটর দুটি, ল্যাপটপ একটি, মোবাইল দুটি ও একটি টয়োটা করোলা গাড়ি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেএইচ/এসসিএস
