রে জা উ ল ক রি ম খো ক ন
২০১৬ সালে মুক্তি পেয়েছিল হলিউডের সাসপেন্স থ্রিলার ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। এ ছবিতে একজন পানাসক্ত বিধাব গৃহবধূর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী এমিলি ব্লান্ট। অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন তিনি। বহুল পঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি বক্স অফিসেও বেশ সাড়া তুলেছিল। একই কাহিনি অবলম্বনে বলিউডে নির্মিত হয়েছে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। নতুন এ ছবিটি মুক্তি পাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স-এ। এ ছবির কেন্দ্রীয় চরিত্র মিরা কাপুরের ভূমিকায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। হলিউডের যে ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য এমিলি ব্লান্ট অস্কার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন সেই একই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা পরিণীতির জন্য দারুণ এক চ্যালেঞ্জ বটে। ইতিমধ্যে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবির ট্রেলর, টিজার দেখে দর্শক ভীষণভাবে আলোড়িত হয়েছেন। এ ছবিতে পরিণীতির অভিনয় দর্শকদের কৌতূহলী করে তুলেছে। মুক্তিপ্রতীক্ষিত এই বলিউডি সিনেমাটিকে বছরের অন্যতম আলোচিত আকর্ষণ হিসেবে বিবেচিত করেছে আইএমবিডি। বিষয়টি ছবির প্রধান তারকা পরিণীতি চোপড়াকে স্বাভাবিকভাবেই শিহরিত করেছে। তিনি বলেন, ‘আমি বেশ উচ্ছ্বাসবোধ করছি। দর্শক ছবির ট্রেলর টিজার দেখেই যেভাবে উত্সাহিত হয়েছে, আমার অভিনয়ের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে তাতে আমি নিজেকে নিয়ে বেশ অনুপ্রাণিত। আমার দৃঢ় বিশ্বাস, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিটি দেখার পর দর্শক আরো বেশি মজা পাবেন। ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত একটানা না দেখে উঠতে পারবে না কোনো দর্শক।’ বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের পর চমত্কার সহজ সাবলীল অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানো পরিণীতি শুরুরদিকে সম্ভাবনাময় নতুন মুখ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। লেডিস ভার্সেস রিকি ভেল, ইশক জাদে, হাসিতো ফাসি, শুভ দেশি রোমান্স ছবিগুলোতে পরিণীতির অভিনয়ে মুগ্ধ দর্শক পরবর্তী সময়ে সেভাবে আর খুঁজে পায়নি তাকে। যদিও এরপর একটানা তিন বছর অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। আবার অভিনয়ে ফিরে এলেও অভিনীত ছবিগুলোর বেশিরভাগই ব্যবসায়িকভাবে সফল না হওয়ায় নিজের ক্যারিয়ার নিয়ে পরিণীতির মধ্যে এক ধরনের দোদুল্যমনতা সৃষ্টি হয়েছিল। মাঝখানে ‘কেসর’, ‘গোলমাল এগেইন’ প্রভৃতি ছবিতে তার চমত্কার উপস্থিতি দর্শকদের আশাবাদী করেছে। ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজের সক্ষমতার প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। পরিণীতির আরেকটি নতুন সিনেমা ‘সন্দীপ আউর পিঙ্কি ফেরার’ বহুদিন ধরেই মুক্তির মিছিলে রয়েছে। কিন্তু করোনা মহামারির পরিস্থিতিতে ছবিটি মুক্তি পাচ্ছে না। ওদিকে বিশ্বখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন তারকা সায়না নেহওয়ালের বায়োপিকেও মূল ভূমিকায় অভিনয় করছেন তিনি। সায়না চরিত্রে যথাযথ অভিনয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন পরিণীতি। একজন বিশ্বখ্যাত নারী ব্যাডমিন্টন তারকা চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে ব্যাডমিন্ট কোচের কাছে প্রশিক্ষণও নিয়েছেন।
