টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও ইসরাত জাহান চৈতী জুটি বেঁধে একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। ‘আলো-আঁধার’ নামের এই নাটকটি রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ এবং পরিচালনা করছেন সঞ্জীব দাস। গত ২২ ফেব্রুয়ারি থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। এতে মিলন ও চৈতী ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন। এক ধনাঢ্য পরিবারের সন্তান তারা দুজন। মিলনের চরিত্রের নাম কবির, চৈতির চরিত্রের নাম ফারহানা। কবির পরিবারের আদরের ছেলে। মা তাকে খুব ভালোবাসেন। সস্ত্রীক দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু প্রেম বিষয়ক জটিলতার কারণে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় কবিরে। নেপথ্যে ছিল স্ত্রীর বান্ধবীর সঙ্গে গোপন সম্পর্ক। কিন্তু কিছুদিন পর পারিবারিকভাবে গ্রামের একটি মেয়েকে বিয়ে করে ঢাকায় নিয়ে আসেন কবির। চলতে থাকে আরও কিছু জটিলতা। পারিবারিক সমস্যা, শ্রেণি বিভেদ, মানবিকতা ও আধুনিক ঢাকার কিছু সমস্যা নিয়েই ধারাবাহিকটির গল্প। এতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘এ ধরনের গল্প ও চরিত্রের নাটকে প্রথম অভিনয় করছি। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি দর্শক নাটকটি আগ্রহ নিয়েই দেখবেন।’ চৈতি বলেন, ‘অনেকদিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করছি। আমার চরিত্রটিও আকর্ষণীয়।’
