তটিনি এখন ‘রাফা’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৭

ই ম রু ল  নূ র

 

‘ছোট ছোট বাইটে জমে উঠবে সময়’ স্লোগানে নির্মিত ইস্পাহানি বিস্কুট লাইট বাইটের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান তরুণ মডেল ও অভিনেত্রী তটিনি। প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ারের বিজ্ঞাপন দিয়ে দুই বছর আগে শোবিজে যাত্রা শুরু করলেও প্রশংসিত হতে থাকেন বাটারফ্লাই, নেসক্যাফে আর ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপনে। তবে যেন নতুন করে প্রশংসার পাশাপাশি আলোচিত হতে শুরু করেন সদ্য প্রচারে আসা ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ দিয়ে। এতে তিনি অভিনয় করেছেন আফরান নিশোর ছোটবোন ‘রাফা’ চরিত্রে। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে আসেন গত বছরের আলোচিত ওয়েব ফিল্ম ‘তাকদীর’ দিয়ে। সেখানে সাংবাদিক আনিকা চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় অভিনয় করেন মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাউস নং ৯৬’ নাটকে। প্রচারে আসতেই তটিনি যেন ‘রাফা’ নামেই পরিচিতি পাচ্ছেন বেশি। অন্তর্জালে বাড়ছে তার অনুসারী। এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে নাটকটিতে অভিনয়ের পর থেকে আমার বন্ধু-বান্ধব,পরিবার ও কাছের মানুষসহ অনেক মানুষের শুভেচ্ছা ও প্রশংসা পেয়েছি। এর আগে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করা হলেও নাটকে এবারই প্রথম। এতটুকু অনুভব করতে পারছি যে তটিনি এখন ‘রাফা’ হয়ে গিয়েছে। এজন্য অবশ্যই পরিচালক হিমি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ।’