আমি ভাবতে পারিনি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:৩৬

মুহাম্মদ সামাদ

 

চারুমুখী মেয়ে, ভালোবেসে রাত জেগে

প্রতীক্ষায় বসে থাকা কোনো কষ্ট নয়,

এ এক মধুরবিষ, ঊর্বশীর সঙ্গসুখ!

তোমার মধুর কণ্ঠে বহে অমৃত সুধার ধারা;

রাতের গভীর ঘুম ভেঙে

প্রাণজুড়ানো এমন কলকল কণ্ঠস্বরে, হাসির জোয়ারে

এভাবে আবার ভেসে যাবো কখনো ভাবিনি;

তোমার চুমোয় চুমোয় আবার ভরে উঠবে আমার মুখ—

কখনো ভাবিনি। তোমার এমন আলিঙ্গনে

ফিরে পাবো হারানো কৈশোর, কামরঙা লাল মুখ—

আমি কখনো ভাবিনি—আমি ভাবতে পারিনি!