আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পরীক্ষিত নেতাকর্মীরা দলের নেতৃত্বে এলে শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। গতকাল বুধবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলার ওয়াজি উদ্দিন পৌর মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে তথ্যমন্ত্রী আরো বলেন, ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের মধ্যে যদি আলস্য আসে, সেটা হতে দেওয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং সহজে টাকা আয় করতে অনেকেই আসবে, তাদের দরকার নেই। পরীক্ষিত নেতাকর্মীরা দলের নেতৃত্বে আসবে। তাহলে শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। নেতাকর্মীদের ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠনের নাম’ স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই সংগঠনের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধু প্রাণ বাজি রেখে সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতাই চাননি, চেয়েছিলেন উন্নত দেশ গড়তে কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে হত্যা করায় সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারেননি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দিবানিশি কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারি মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো বিশ্বব্যাপী প্রশংসিত উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, করোনার টিকা এখনো অনেক রাষ্ট্র পায়নি। বাংলাদেশ টিকা সংগ্রহে অনেকের চাইতে এগিয়ে। আর সমালোচনা করলেও বিএনপির নেতারা নিজেরাই টিকা নিচ্ছেন।
ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, কার্যকরী সদস্য কবিতা জাহান কবিতা, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, শামসুল হক টুকু এমপি, মো. মকবুল হোসেন এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি, নুরুজ্জামান বিশ্বাস এমপি, নদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ।
