স্যার, আস্সালামু আলাইকুম বলেই
কালো স্যুটপরা একটি কোকিল তার
টাইয়ের নট আলগা করতে করতে এসে
আমাকে বললো, ভালো আছেন!
লাল জোব্বা পরা একটি রেশমি দোয়েল
নটর ডেম কলেজের সুউচ্চ শিরিষের
কলার থেকে খসে পড়া ঝিরিঝিরি এক ঝলক
হাওয়া এসে আমাকে অভিবাদন জানিয়ে
মুহূর্তেই মিলিয়ে গ্যালো ব্যস্ত মতিঝিলের
নির্জন ভিড়ের স্রোতে!
রোদ ও শিশিরের এমব্রয়ডারি করা
একটা ধূসর মাঠ
শীতের কুয়াশাডোবা একটা নিরুদ্দিষ্ট ছায়াছন্ন
শালপথ এসে তার বুকের পশমি
জানলা
খুলে দিতে দিতে বললো
স্যার, আসবেন-আসবেন কিন্তু কোনো এক
অবসরজাগা সন্ধ্যায় আমাদের নিঃসঙ্গ ফরেস্ট বাংলোয়!
