যাবে কবে ইশকুলে ও ভাবছে বসে তুলি
ভাল্লাগে না কেমন যেন ফুরোয় না দিনগুলি
ভোরের বেলা কখন যাবে ঝুলিয়ে ব্যাগ কাঁধে
তুলি এখন চুলগুলো তার নিজে নিজেই বাঁধে
দীপু, মিনি, টুকু, ইতি বন্ধুরা সব কই
গেটটা দিয়ে ঢুকেই শুরু হুড়োহুড়ি হইচই
স্যার-আপাদের গল্প বলা, কবিতা আর ছড়া
সারি সারি নামতাগুলো সুরে সুরে পড়া
বোর্ডে গিয়ে অঙ্ক করা সবাই কেমন চায়
ভুল হলো তো? এবার তুমি দাঁড়িয়ে রও ঠায়
গানের ক্লাসে সুরের মেলা, আঁকার ক্লাসে রং
দপ্তরিটা ঘণ্টা বাজায় এত্তো জোরে ঢং
হুটোপুটি ছুটোছুটি মজার টিফিনব্রেকে
কী যে দারুণ লাগে ভালো এ, ওর টিফিন চেখে
ইশকুলের সেই মিষ্টি বেলা করছে তুলি মিস্
কবে আবার আসবে ফিরে দিনগুলো ফের ইশ্!
