রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেচ ক্যানেল ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে সদ্য রোপণকৃত বোরো ও উঠতি তামাক ক্ষেত। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
জানা যায়, দুই দিন আগে রংপুর পানি উন্নয়ন বোর্ড হঠাত্ করে তিস্তা ব্যারেজ প্রকল্পের এসএইটটি সেচ খালে পরীক্ষামূলকভাবে পানি ছাড়ে। কিন্তু ক্যানেলে পানির চাপ বেশি হওয়ায় উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর ও উত্তর পানাপুকুর এলাকায় ক্যানেলের দুই জায়গায় ভেঙে যায়। এ কারণে বাগপুর ও উত্তর পানাপুকুর এলাকায় সদ্য রোপণকৃত আমন ক্ষেত, তামাক ক্ষেত পানিতে তলিয়ে যায়।
কৃষক যাদু মিয়া জানান, হঠাত্ করে ক্যানেলে পানি ছেড়ে দেওয়ার কারণে ক্যানেল ভেঙে বিস্তীর্ণ এলাকার বোরো ক্ষেত তলিয়ে গেছে।
গিরিয়ারপাড় গ্রামের কৃষক ফজলুল হক বলেন, ক্যানেল ভেঙে যাওয়ার কারণে তামাক ও বোরো চারার ব্যাপক ক্ষতি হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ক্যানেল ভেঙে যাওয়ার কথা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে পানি ছেড়ে দেওয়ায় ইঁদুরের গর্ত থাকার কারণে এমন অবস্থা হয়েছে।
