ফুলবাড়ীতে নলকূপ অপারেটর পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার বিরুদ্ধে ও গভীর নলকূপের অপারেটর পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামের প্রায় চার শতাধিক কৃষকরা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে গভীর নলকূপের অপারেটর আইয়ুব আলী সরকারি নীতিমালা না মেনে কৃষকদের জিম্মি করে ৮শ থেকে এক হাজার টাকা বিঘা প্রতি অতিরিক্ত ফি নিয়েছিল । এ নিয়ে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। সে কারণে প্রশাসনের হস্তক্ষেপে তাকে পরিবর্তন করে ওই এলাকার বায়েজিদ ইসলামকে অপারেটর হিসেবে নিয়োগ দেন। তিনি দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসেন। এর মধ্যে গোপনে আবারো আইয়ুব আলীকে গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়ায় চরম হতাশায় পড়েছেন গভীর নলকূপের সুবিধার আওতায় থাকা কৃষকরা। অবিলম্বে আইয়ুব আলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, কৃষক মমিনুল ইসলাম, আবু সায়েদ, হারুন-অর-রশিদ, লেলিন সরকার, মিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।