চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পেট্রোল বোমায় ট্রাক চালক সিপন হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে হাজির ছিলেন। অপর এক আসামি পলাতক। দণ্ডিতরা হলেন তোফায়েল, ফেরদৌস, মামুন, আবু বক্কর ও সায়েম।

মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০১৫ সালে ৩ মার্চ ভোররাতে কলাবাড়ি বাজারে পেট্রোল বোমা হামলা চালিয়ে কাভার্ড ভ্যান জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় কাভার্ড ভ্যানের চালক সিপন আগুনে পুড়ে মারা যান। নিহত শিপন ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল মান্নানের ছেলে।

পরদিন সিপনের ভাই মান্নান অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৫৪ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন জমা দেয়। তথ্য-উপাত্ত ও সাক্ষ্য শেষে বিচারক পাঁচজনকে যাবজ্জীবন ও অন্যদের বেকসুর খালাস প্রদান করেন।