স্টাফ রিপোর্টার, রাজশাহী
দুর্গাপুরের নওপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুইজন আহত হলে তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান চলছিল। এ সময় দর্শক সারিতে থাকা নওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী টিপু সুলতানসহ সঙ্গীরা তাদের দাওয়াত না দেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সাথে টিপু সুলতানের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে।
নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা. শফিকুর রহমান বলেন, অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে একটু ভুল বুঝাবুঝি হয়। পরে সমঝোতার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছে। দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব জানান, নওপাড়া উচ্চ বিদ্যালয়ে হট্টগোল হয়েছে। খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে।
