রাজৈরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য খুন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫১

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈর উপজেলার দক্ষিণ সীমান্তে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে ইউনিয়ন পরিষদের সাবেক এক মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম যুধিষ্টির বসু(৫০)। তিনি উপজেলার কদমবাড়ী ইউনিয়নের মৃধাবাড়ী গ্রামের মৃত প্রেমচাঁদ বসুর ছেলে। এ ঘটনায় পুলিশ চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ওই রাতে যুধিষ্টির বসু বাড়িতে এসে রাতের খাবার খেয়ে মুরগীর খামার দেখতে যান। বৃহস্পতিবার ভোররাতে ঘুম ভেঙ্গে গেলে স্বামীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্ত্রী ইতি বসু। পরে বাড়ির পাশে মুরগির খামারে যাবার রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখেন। নিহতের বড় ছেলে রনি বসু জানান, একই গোষ্ঠীর কাকাতো ভাইদের সাথে বাড়ির পাশে পুকুরের জায়গা নিয়ে বাবার মামলা চলছিল।

ইতি বসু অভিযোগ করেন, ওরাই আমার স্বামীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে।

ওসি জিয়াউল মোর্শেদ জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য যতিশ বসু, বিমল বসু, কনক বসু ও মিঠু বসুকে আটক করা হয়েছে। তবে অভিযুক্তরা অনেকেই বাড়িঘরে তালা মেরে পালিয়ে গেছে।