রাঙ্গামাটিতে চেক জালিয়াতির মামলার চার্জ গঠন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫১

রাঙ্গামাটি প্রতিনিধি

চেক জালিয়াতির মামলায় যুবলীগ নেতা মুজিবুর রহমান ও রূপালী ব্যাংকের কর্মকর্তা রুনা বড়ুয়ার বিরুদ্ধে রাঙ্গামাটিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালত মামলার চার্জ গঠন করেছেন। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির আসামবস্তি নারিকেল বাগান এলাকায় রাঙ্গামাটি পাবলিক কলেজের ভবন নির্মাণের জন্য ৮ কোটি টাকার কাজ পান মেসার্স মাইশা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান। টেন্ডার আহ্বানকারী প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে কাছে মুজিবুর রহমান রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা থেকে চেক জালিয়াতি করে ৪১ লাখ ২০ হাজার টাকার ব্যাংক গ্যারান্টির সার্টিফিকেট জমা দেন। পরে খোঁজখবর নিয়ে জানতে পারা যায় ওই হিসাব নম্বরে কোনো টাকাই জমা নেই। এতে দুদকের পক্ষ থেকে যুবলীগ নেতা মুজিবুর রহমানকে ও রূপালী ব্যাংকের কর্মকর্তা রুনা বড়ুয়াকে আসামি করে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

গত বুধবার রাঙ্গামাটি জেলা আদালতের বিজ্ঞ সিনিয়র বিশেষ জজ মোঃ দলীল উদ্দীনের আদালত মামলার চার্জ গঠন করে এবং ২ এপ্রিল সাক্ষী হাজির করে মামলার দিন ধার্য করে। মামলার আইনজীবী জুয়েল দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।