এম এইচ আরমান চৌধুরী, চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী একতা বাজার এলাকায় একটি অসাধু চক্র সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জমি দখল করে দোকান নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা গেছে, বরইতলী ইউনিয়নের একতা বাজার জামে মসজিদের উত্তর পাশের জমিতে সওজের মালিকানা উল্লেখসহ একটি সাইনবোর্ড আছে। কিন্তু সম্প্রতি জমিটি ভরাট করে সেখানে অন্তত ১০টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এসব দোকানঘর ভাড়া নিয়ে বর্তমানে মুদি, ফার্নিসার, নির্মাণসামগ্রী ও চায়ের দোকান বসিয়ে ব্যবসা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন স্থানীয় বাসিন্দা জানান, এই জমিতে আগে সওজ বিভাগের একটি স্টক ইয়ার্ড ছিল। স্টক ইয়ার্ড সরিয়ে নিলে কর্তৃপক্ষ একটি সাইনবোর্ড দিয়ে দায়িত্ব শেষ করে। এ সুযোগে স্থানীয় একটি অসাধু চক্র জমিটি দখলে নেয়।
চকরিয়া সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, সওজের জমি থেকে নিজেদের স্থাপনা সরিয়ে নিতে এসব অবৈধ দখলদারদের লিখিত নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হলে ১৯২৫ সালের হাইওয়ে অ্যাক্টের বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বরইতলী একতা বাজার এলাকায় সওজের জমি দখলের বিষয়টি আমার নজরে এসেছে। সরকারি এ সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
