তানভিরের ঘূর্ণিতে নাকাল আইরিশরা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল ম্যাচের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সাইফ হাসানের দল। চা বিরতির পরপরই ১৫১ রানে আয়ারল্যান্ড উলভসের প্রথম ইনিংস শেষ করে দিয়েছে ইমার্জিং দল। বাঁহাতি স্পিনার তানভির ইসলামের ঘূর্ণিতেই দিক হারায় সফরকারীদের ব্যাটিং লাইন।

বিকেলে ২৩ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ১ উইকেটে ৮১ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। অধিনায়ক সাইফ হাসান ২২ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে ব্যাট করছেন। আউট হয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৩৯ বলে ৮টি চারে ৪১ রান করেন।গতকাল সকালে টস জিতে ব্যাট করতে নামা আইরিশদের শুরুটা নেহায়েত খারাপ ছিল না। দুই পেসার এবাদত হোসেন, খালেদ আহমেদকে সামলে ওপেনিং জুটিতে ৩৪ রান তুলেছিল দলটি। ১৩তম ওভারে তানভির বোলিংয়ে আসেন। নিজের দ্বিতীয় ওভারেই জেমস ম্যাককুলামকে (১৯) এলবির ফাঁদে ফেলেন। পরে লাঞ্চের আগেই আরো ৩ উইকেট হারায় দলটি। খালেদ, তানভির, এবাদত আঘাত হানেন। ৬২ রানে ৪ উইকেট হারানো আইরিশদের হয়ে পঞ্চম উইকেটে ক্যাম্পহার-টাকার ৪৯ রানের জুটি গড়েন। তারা বিচ্ছিন্ন হতেই আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা।

ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করা ক্যাম্পহারকে ফেরান সাইফ হাসান। আয়ারল্যান্ড উলভসের পক্ষে টাকার ২০, ম্যাককুলাম ১৯, লাউলর ১৩, ডোহেনি ১৪, পিটার চেজ অপরাজিত ১৪ রান করেন। ইমার্জিং দলের তানভির ক্যারিয়ার সেরা বোলিং করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট পেলেন এ বাঁহাতি স্পিনার। ৫৫ রানে ৫ উইকেট নেন তানভির। এবাদত, সাইফ ২টি করে, খালেদ ১টি উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৫০ রান তোলে স্বাগতিকরা। দ্রুত গতিতে রান তুললেও উইকেটে স্থায়ী হননি জুনিয়র তামিম। টেক্টরের বলে চেজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন এ বাঁহাতি ওপেনার। পরে ৩১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন সাইফ-জয়।