গাজীপুর প্রতিনিধি
১৯ মার্চ স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদ্যাপন উপলক্ষ্যে গাজীপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মহানগরীর কাজিমুদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া। বক্তব্য রাখেন শ্রমিক নেতা ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, মো. শফিউদ্দিন ও আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক মেম্বার আতাউর রহমান, আব্দুস সালাম, সামসুদ্দিন আহমেদ, আলতাফ হোসেন ও শহিদ হুরমতের কন্যা হালিমা খাতুন প্রমুখ। সভায় আগামী ১৯ মার্চ দিবসটি যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে শহিদ হুরমতসহ শহিদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনাসভা ও গণসংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
