কালিয়াকৈরে ব্যবহার অনুপযোগী বেইলি ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৬

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির বেশ কয়েকটি স্থানে স্টিলের পাত মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। অনেক স্থানে স্টিলের বড় বড় অংশ খসে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনসহ পথচারীরা। সাবধানতা অবলম্বনে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে মালামালসহ পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ লিখে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে সওজ। কিন্তু সড়ক ও জনপথের নিষেধ উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। জানা যায়, ধামরাই-ভালুকা সড়কে যানবাহন চলাচল ও কালিয়াকৈর উপজেলার চাপাইর ও ফুলবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীর ওপর ১৯৯২ সালে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও সংস্কার না করায় ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, জনস্বার্থে বেইলি ব্রিজের পরিবর্তে একটি পাকা ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই বিলটি পাশ হয়েছে। খুব দ্রুত নির্মাণকাজ করা শুরু হবে।