‘রাজস্ব আদায় বাড়াতে শিগগিরই মাঠ পর্যায়ে অভিযান’

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫৬

কাল আন্তর্জাতিক কাস্টমস দিবস

g ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় কাঙ্ক্ষিত হারে বাড়েনি। আলোচ্য সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশেরও কম। অথচ গত অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশের কাছাকাছি। এর মধ্যে শুল্ক ও ভ্যাট আহরণের প্রবৃদ্ধি অনেক কম। এ পরিস্থিতিতে আগামী মাসগুলোতে রাজস্ব আদায় বাড়াতে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, এতদিন তেমন কোনো অভিযান ছিল না। এখন থাকবে। চলতি মাসেই আয়করের জরিপ শুরু হবে। এছাড়া টাস্কফোর্স গঠন করে বিভিন্ন জায়গায় পাঠানো হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল শনিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় ছয় মাসের রাজস্বের চিত্র তুলে ধরে তিনি বলেন, আলোচ্য সময়ে ৯৮ হাজার ২৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে আদায় বেড়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। এর মধ্যে শুল্ক, ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৩ দশমিক ৭২ শতাংশ, ৫ দশমিক ২৬ শতাংশ ও ১০ দশমিক ৯৪ শতাংশ। তিনি বলেন, আগামী ছয় মাসে রাজস্ব আরো বেশি হারে আদায় হবে।

এ সময় জানানো হয়, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিওসিও) ১৮৩টি দেশের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশেও যথাযথ মর্যাদায় কাস্টমস দিবস পালন করা হবে। শুল্ক ও ভ্যাট বিষয়ে বিশেষত দেশের নিরাপত্তা, জনকল্যাণমূলক কাজ, আন্ত:সীমান্ত বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করার বিষয়ে মানুষকে সচেতন করা হবে। এ উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।