নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার সিম গ্রুপের আজলান বিস্কুট তৈরির কারখানা ও সিম ফেব্রিক্সের গোডাউনে গতকাল শুক্রবার রাত সোয়া ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজলান এগ্রো ফুড প্ল্যান্টের গ্যাস পাইপ ফুটো থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই প্তার্শবর্তী একই মালিকের প্রতিষ্ঠান সিম ফেব্রিক্সের গোডাউনে তা ছড়িয়ে পড়ে। আগুনে সিম ফেব্রিক্সের তুলা, সুতা, কাপড়, মেশিনসহ যন্ত্রাংশ এবং আজলান বিসু্কট তৈরির কারখানার কাঁচামাল ও উত্পাদিত খাদ্য দ্রব্যাদিসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়। খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও আদমজী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সিম ফেব্রিক্সের জেনারেল ম্যানেজার মিন্টু সরকার বলেন, বিসু্কট তৈরির কারখানায় গ্যাসের প্রয়োজন হয়। সেই গ্যাসের পাইপ ফুটো হয়ে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, ওসি মহসিনুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
