পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচন স্থগিতের এই আদেশ জারি করেন।
জানা যায়, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশপত্রে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। পাশাপাশি বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং দেওয়ানগঞ্জের নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন এবং ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪০ জন পুরুষ ও ১৮ জন নারী পৌর নির্বাচনে এবার অংশ নিয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি জামালপুর পৌরসভা, ইসলামপুর, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ এই চারটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত হওয়ায় এ জেলার অবশিষ্ট তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
