স্পোর্টস ডেস্ক
আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালা এবং তার বিমানের পাইলট ডেভিড ইবতসনের খোঁজে ইংলিশ চ্যানেলে সন্ধান কাজ অব্যাহত রয়েছে। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে যোগ দিয়েছিলেন তিনি।
সালা এবং তার পাইলট গত সোমবার ইতালি থেকে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে ইংল্যান্ডে আসছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে বেশ ক’বার সাহায্য চাওয়া সত্ত্বেও না পাওয়ায় শেষে এক সময় রাডারের বাইরে চলে যায় সালাকে বহন করা বিমানটি।
ইংলিশ চ্যানেলে খোঁজাখুঁজির পরেও পাওয়া না যাওয়াতে ধারণা করা হচ্ছিল আজ বন্ধ করা হবে তাদের খোঁজে চালানো সন্ধান কাজ। তবে গতকাল সকালে একটি বৈঠকে তীরবর্তী এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এ কাজে নিয়োজিত গার্নসে পুলিশ। তবে এ রিপোর্ট লেখার আগ পর্যন্তও বিমানটির খোঁজ পাওয়া যায়নি। সন্ধান কাঠামোর সব প্রক্রিয়া সম্পন্ন হবার পর সন্ধান কাজ আরও চালিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। তবে গার্নসে হার্বারের অধিনায়ক ডেভিড বার্কার অবশ্য জানিয়েছেন যে তাদের জীবিত খুঁজে বের করার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে এসেছে।
