প্রায় ১৮ বছর পর আজ শনিবার আরিচা-কাজীরহাট রুটে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সার্ভিসের উদ্বোধন করবেন। উভয় ঘাটে তোরণ নির্মাণ ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে। সংস্থার চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সভাপতিত্ব করবেন।
কাজীরহাট ঘাটে অতিথিবৃন্দের বক্তব্য প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করা হয়েছে। বিআইডব্লিউটিএ পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ আবু জাফর হাওলাদার জানান, বিশেষ অতিথি শামসুল হক টুকু এমপি, গোলাম ফারুক খন্দকার এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, সংস্থার অতিরিক্ত সচিব সৈয়দ তাজুল ইসলাম বক্তব্য রাখবেন।
জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি সার্ভিস সহজতর করার লক্ষ্যে ২০০২ সালের ১২ মার্চ আরিচা থেকে ৭ কিলোমিটার ভাটিতে পাটুরিয়ায় ঘাট স্থানান্তর করা হয়। পাটুরিয়া থেকে কাজিরহাট রুটে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ নৌ-পথে কিছুদিন ফেরি সার্ভিস চালু থাকলেও অনিবার্য কারণে তা বন্ধ করে দেয়া হয়।
ইত্তেফাক/এমআর
