নোয়াখালীতে সাইফের দ্বিতীয় জয়

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:০৭

প্রিমিয়ার ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অভিষেক হলো বাংলাদেশের ফুটবলের মর্যাদার আসর পেশাদার লিগের। কাল এই স্টেডিয়ামের লিগের প্রথম খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব জয় পেয়েছে।

সাইফ স্পোর্টিং ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। খেলার ৩৭ মিনিটে রাশিয়ান ফুটবলার ডেনিসের গোলে জিতেছে সাইফ। এই একটা গোল ধরে রাখতে গিয়ে সাইফ স্পোর্টিংয়ের ওষ্ঠাগত অবস্থা। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত হোম ভেন্যু বিজেএমসির সব চেষ্টা ব্যর্থ করতে গিয়ে সাইফের বাবলু লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন। জয়টা নিশ্চিত রাখতে পেরে সাইফ স্পোর্টিংও খুশি।

সাইফের এটি নিজেদের দ্বিতীয় জয়। প্রথম খেলায় সাইফ ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছিল। বিজেএমসি হেরেছিল মোহামেডানের কাছে ২-১ গোলে।

চট্টগ্রাম আবাহনীর ড্র

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের অন্য খেলায় চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের বিপক্ষে। মমোদু ৫৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী গোল হজম করে খেলার শেষ দিকে। জুনাপিও ৮০ মিনিটে গোল করে রহমতগঞ্জকে নিশ্চিত হার থেকে রক্ষা করেন ১-১।

আজকের খেলা ঃ

মোহামেডান ও আরামবাগ। ৩টা, রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ। ব্রাদার্স ও শেখ রাসেল। ৭াট ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম।