জয়ের সুবাস পাচ্ছে ইমার্জিং দল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকালও ব্যাটে-বলে দাপট দেখিয়েছে সাইফ হাসানের দল। এদিন স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩১৩ রানে। ১৬২ রানের লিড পায় ইমার্জিং দল। শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে আইরিশরা।

গতকাল দিনের খেলা শেষ হওয়ার আগে ৩৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এখনো ১২৭ রানে পিছিয়ে তারা। আজ তৃতীয় দিনে আইরিশদের শেষ ৬ উইকেট দ্রুত তুলে নিলেই জয়ের দেখা পাবে সাইফ বাহিনী।

আগের দিনের ১ উইকেটে ৮১ রান নিয়ে খেলতে নেমে গতকাল ৯ উইকেটে ২৩২ রান যোগ করেছে ইমার্জিং দল। সাইফ-মাহমুদুল হাসান জয়ের ৮৩ রানের জুটি ভাঙে ৪০ ওভারে। ৪৯ রান করে ফিরেন সাইফ। পরের ওভারে জয় ৪২ রান করে এলবির ফাঁদে পড়েন। চতুর্থ উইকেটে তৌহিদ হূদয়ের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন ইয়াসির আলী। তাদেরকে বিচ্ছিন্ন করেন গার্থ। এলবির ফাঁদে পড়া তৌহিদ হূদয় ৩৬ রান করেন। ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ইয়াসির আলী। গার্থের শিকার হওয়ার আগে ৮টি চার, ৫টি ছয়ে ১১৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে শাহাদাত ২০, আকবর আলী ১৯ রান করেন। আয়ারল্যান্ড উলভসের অ্যাডেইর, হুমে ৩টি করে, গার্থ ২টি, টেক্টর- ডেলানি ১টি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আইরিশদের ধাক্কা দেন এবাদত। তৃতীয় ওভারে ম্যাককুলামকে (১) ফেরান তিনি। পরে তানভিরের ঘূর্ণিতে ৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে সফরকারী দল। ললোর (৮), ডোহেনি (২০), গার্থ (০) সাজঘরে ফিরেন। টেক্টর ২, ক্যাম্পার ২ রানে অপরাজিত আছেন। ইমার্জিং দলের বাঁহাতি স্পিনার তানভির ৯ রানে ৩টি উইকেট নিয়েছেন।