গত দু-তিন বছর ধরে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি থেকে মোহনপুর পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা মেরামতের অভাবে বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে বৃদ্ধ, অসুস্থ রোগী ও শিশুদের নিয়ে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। বারকাউনিয়া থেকে চরকুমারিয়া-সরস্বতীর চর হয়ে কৃষ্ণপুর পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার কাঁচা-ভাঙা রাস্তা প্রায় তিন বছর ধরে শুনে আসছি পাকা করা হবে এবং এজন্য বরাদ্দও আছে। কিন্তু কেউ এই রাস্তার কাজ করতে রাজি হচ্ছে না। দুবার টেন্ডার করেও উপযুক্ত ঠিকাদার পাওয়া যায়নি। ফলে জনস্বার্থে গুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ থেমে আছে। জনগণের দুর্ভোগ বাড়ছে। উল্লেখ্য, এ এলাকার অধিকাংশ কর্মজীবী মানুষই বিদেশে কর্মরত এবং তারা কঠোর পরিশ্রম করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে। খানা-খন্দে পূর্ণ রাস্তাটির কারণে এলাকার ২০-৩০ হাজার লোকের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। আগে চরকুমারিয়া থেকে বাতাকান্দি পর্যন্ত নিয়মিত ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার চলাচল করত বলে যাতায়াতে তেমন অসুবিধা হতো না। কিন্তু চারদিকে রাস্তা হওয়াতে ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। আশা করি, জনস্বার্থে রাস্তাটি সংস্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এমদাদুল হক বাদশা
গ্রাম: চরকুমারিয়া, তিতাস, কুমিল্লা
