গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:১৯

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল হোসেন নামে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চর আষাড়িয়াদহের সাহেবনগর এলাকার ১ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পর তার সহযোগীরা জামাল উদ্দিনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহত জামাল চর আষাড়িয়াদহ ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে। এ ব্যাপারে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহা. সানাউল্লাহ জানান, রাতে জামাল উদ্দিন সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।