জাতীয় পার্টির (জেপি) নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, ইংরেজদের শাসন শোষণ থেকে ভারতবাসীকে মুক্ত করে জাতি ধর্ম, বর্ণ, গোত্র সবার বাসোপযোগী স্বাধীন ভারত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু; কিন্তু ১৯৪৫ সালের ১৮ আগস্ট নেতাজী মারা যাওয়ার পর তত্কালীন ভারতবর্ষের নেতা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দুস্থান পাকিস্তান দুইটি দেশের জন্ম দেয়। সেই ভুল সিদ্ধান্ত আজ পর্যন্ত ভারতবাসীকে খেসারত দিতে হচ্ছে। তিনি বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা ও নেতাজীর কাঙ্ক্ষিত অসাম্প্রদায়িক ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বো। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গত বুধবার জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাপ-ভাসানী চেয়ারম্যান এম.এ ভাসানী, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, জাসদ নেতা হুমায়ুন কবির, নারী নেত্রী এলিজা রহমান ও ছাত্রনেতা আবদুর রশিদ, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ-সভাপতি সরদার মোহাম্মদ আলী বাদল, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন। -প্রেস বিজ্ঞপ্তি
