সিলেটের দক্ষিণ সুরমার তোরখলা এলাকা থেকে মাদ্রাসাছাত্রীকে (১৪) জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করেছে আট যুবক। ঘটনার এখানেই শেষ নয়, কিশোরীর পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে ধর্ষণকারীরা। পরে মাদ্রাসাছাত্রীকে তার স্বজনরা উদ্ধার করে চিকিত্সার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিত্সাধীন।
এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা করেছে মেয়েটির বাবা। খালপাড় গ্রামের আদিল ও বিশ্বনাথ থানার মাতাবপুর গ্রামের মুহিবুর রহমানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, গত শনিবার ঐ কিশোরী বই নিয়ে আসার জন্য মাদ্রাসায় যাচ্ছিল। এসময় জোরপূর্বক তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে জালালাবাদ থানার খালপাড়স্থ আদিলের দোকানের পেছনের একটি ঘরে আটকে রেখে গণধর্ষণ করা হয়।
এ ঘটনায় পুলিশ ঐ দুজনকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। পুলিশ জানায়, আসামিরা বর্তমানে জেলহাজতে। ঐ কিশোরী বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
ইত্তেফাক/এএইচপি
