আশুলিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক তিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:২৭

সাভার উপজেলার আশুলিয়ায় ওসমান গণি (৩২) নামে এক দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে আশুলিয়ার চানগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ওসমান গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পাইকা এলাকার আজিজ রহমান প্রামাণিকের ছেলে। সে আশুলিয়ার চানগাঁও এলাকায় থেকে একটি মোবাইল ফোন রিচার্জ এর দোকান চালাতেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো রিপন, রুবেল ও সোহেল। সোহেলের বাড়ির আশুলিয়ার চানগাঁও এলাকায় ও অন্যদের খুলনা জেলায়।নিহতের ভাই আমিনুল ইসলাম জানায়, দুই সপ্তাহ আগে ফোনে টাকা রিচার্জ করা নিয়ে ওসমানের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। বুধবার রাতে ওসমানের দোকানে রুবেলের সঙ্গে দেখা হলে আবারও তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওসমানকে দেখে নেওয়ার হুমকি দেয় রুবেল। পরে রাত ১২টার দিকে রিপন ও সোহেল নামে দুইজনকে সঙ্গে নিয়ে ওসমানের দোকানে হামলা চালায় রুবেল। এসময় তারা ওসমানকে তার দোকানেই হাত পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওসমানের চিত্কারে স্থানীয়রা এসে হত্যাকারী সোহেলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং এলাকাবাসীর সহযোগিতায় অপর দুই হত্যাকারী রিপন ও রুবেলকে আটক করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।