বঙ্গোপসাগরের ভাসানচরে পণ্যবাহী দু’টি জাহাজ ডুবে গেছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:২৯

বঙ্গোপসাগরে ভাসানচর এলাকায় দু’টি পণ্যবোঝাই জাহাজ ডুবে গেছে। এদের  মধ্যে ‘খাজা বাবা ফরিদপুরী’ নামে  জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। ‘এন ইসলাম’ নামে অপর জাহাজটি আংশিক ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। একজন নাবিক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিআইডব্লিউটিএ’র চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, খাজা বাবা ফরিদপুরী জাহাজটি ১ হাজার ৭০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল পূর্বে গিয়ে জাহাজটি ডুবে যায়। এতে ১৩ জন নাবিক ছিল। ১২ জন উদ্ধার হয়েছে। একজন নাবিক নিখোঁজ রয়েছে। বিআইডব্লিউটিএ’র  নির্দেশনা আছে- কমপক্ষে তিনঘণ্টার জোয়ারের সময় হাতে নিয়ে যেন ভাসানচর অতিক্রম করা হয়। জাহাজটি দেড় ঘণ্টা সময় নিয়ে ভাসানচর অতিক্রম শুরু করে। এতে জোয়ারের পানি কমতে শুরু করলে ভাটার টানে জাহাজটি ডুবে যায় বলে জানান তিনি।

এদিকে ভাসানচরের কাছাকাছি এলাকায় আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ‘এন ইসলাম’র তলা ফেটে গিয়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময়  ক্যাপ্টেন জাহাজটিকে চরের কাছাকাছি নিয়ে যান। সেখানে জাহাজটির বড় অংশ ডুবে গেছে। জাহাজের সকল নাবিক নিরাপদে আছেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা