২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত সাবেক দুই আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর গত বুধবার “নো-অর্ডার” দেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামি পক্ষে আসাদউর রউফ শুনানি করেন।
গত রবিবার হাইকোর্ট এ মামলায় দণ্ডিত ওই দুই আসামিকে জামিন দেয়। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। গত ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ সাবেক প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন দণ্ড দেয়।
