কাতার বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান হোম ম্যাচ হওয়ার কথা। কিন্তু এই ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে চায় না আফগানিস্তান। কিন্তু বাংলাদেশ চায় নিজেদের ভেন্যুতে খেলতে। গ্রুপের বাকি ম্যাচ দুটো কাতারে হবে জুনে। তবে এই ম্যাচটি বাংলাদেশে আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত বাফুফে এবং আফগানিস্তানের ওপর ছেড়ে দিয়েছে বাফুফে। আবার চিঠি দিয়ে আফগানিস্তানকে রাজি করাতে বলেছে। কিন্তু বাংলাদেশ ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর। এএফসির চিঠি পেয়ে গতকাল বাফুফে আফগানিস্তানকে জানিয়েছে বাংলাদেশের অবস্থানের কথা। একগাদা উদাহরণ তুলে ধরেছে। জানিয়েছেন করোনার পর এখন বাংলাদেশের পরিস্থিতি খুব ভালো। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। লকডাউনের পর নেপাল সিরিজ খেলে গেছে, নারী ফুটবল হয়েছে, তিনটা লিগ চলছে, ক্রিকেট সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ, আয়োজনে প্রশংসা পেয়েছে, আয়ারল্যান্ড উলভস খেলছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ভালো পরিস্থিতি চলছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম বললেন,‘আমরা আমাদের পরিস্থিতি উল্লেখ করে চিঠি দিয়েছি। এখন দেখা যাক কি হয়।’
