শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বুধবার উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানার একাধিক পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, রাজাবাড়ী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন এলাকার ডার্ড কম্পোজিট কারখানায় জামানতের মাধ্যমে বৈধভাবে জুট ব্যবসা করছিলেন। সম্প্রতি জাতীয় নির্বাচনের পর নতুন এমপি’র কথিত কয়েকজন অনুসারী বর্তমান এমপির নির্দেশ অমান্য করে ঐ কারখানার ঝুট ব্যবসাকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। এ নিয়ে গত কিছুদিন যাবত্ তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রাতে চেয়ারম্যান ফারুক হোসেনের ২৫ লাখ টাকার ঝুট ভর্তি একটি ট্রাক আটকে রেখে ড্রাইভার জিয়াউর রহমানকে মারপিট করে। খবর পেয়ে ফারুকের লোকজন ট্রাক উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের হামলায় রাজ্জাক, মনির হোসেন, সোহান, সেলিম, আমীর হোসেন, শাহাবুদ্দিন, বহুলাল মিয়া, জিয়াউর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত জুট ভর্তি ট্রাকটি উদ্ধার করে। ফারুক হোসেন অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষের সাথে চুক্তিনামা করে জামানত দিয়ে বৈধভাবে ব্যবসা করছি। তারা ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমার ব্যবসা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে কেউ কথা বলতে রাজি হননি।

শ্রীপুর থানার ওসি (অপারেশন) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। উভয় পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।