বিশেষ প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলামের তোপের মুখে পড়তে হয়েছে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত ওয়াসা ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এলজিআরডি মন্ত্রীর মতবিনিময় সভা ছিল। অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর পরও ওয়াসা ভবনে ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি মন্ত্রীর নজরে এলে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় তাকসিম এ খান চুপ ছিলেন।
একই সময় শূন্যপদে নিয়োগ না দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় ওয়াসার সিবিএ নেতারা ওয়াসা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা এমডির বিরুদ্ধে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগান দেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের দাওয়াত দিয়ে ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না-এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাংবাদিকদের ডেকে পাঠান। সাংবাদিকরা সভায় আসার সঙ্গে সঙ্গে তিনি ওয়াসা এমডিকে প্রশ্ন করেন, কেন গণমাধ্যমকর্মীদের এখানে আসতে দেননি। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। আপনি এ ধরনের আচরণ করতে পারেন না।
ঢাকা ওয়াসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কাউকে বাইরে রেখে কিছু করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে চাই। ওয়াসা চরম অবহেলা-অব্যবস্থাপনায় চলেছে। আর এ অবস্থায় দেখতে চাই না। সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
এসময় ওয়াসা ভবনের সামনে এমডির বিরুদ্ধে সিবিএ’র ব্যানারে শতাধিক কর্মচারীর বিক্ষোভ করার বিষয়টি সামনে আনা হলে তিনি বলেন, এখানে এসে এ অবস্থা দেখলাম। আমি সবার কথা শুনব, সবাইকে নিয়ে কাজ করতে চাই। কারো কোনো অন্যায় থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
তাজুল ইসলাম বলেন, আমি সাংবাদিকসহ সবার কথা শুনতে চাই। আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন, আপনাদের স্বাগত জানাব। মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক ও ওয়াসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
