ইত্তেফাক ডেস্ক
‘সুস্থ যদি থাকতে চান, নিরাপদ সবজি খান’, ‘কেঁচো সারের ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষার হাতিয়ার’ ‘রাসায়নিক বালাই নাশকের ব্যবহার কমান, জৈব বালাই নাশকের ব্যবহার বাড়ান’ ‘অধিক কীটনাশক পরিবেশ ও জীবনের জন্য হুমকি, জেনে বুঝে কীটনাশক ব্যবহার করা যৌক্তিক’—এসব শ্লোগানকে সামনে রেখে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই সাভার-ধামরাই এলাকায় উত্পাদিত ক্ষতিকর কীটনাশকমুক্ত স্বাস্থ্যসম্মত সবজি নিয়ে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় সবজি প্রদর্শনী ও সবজি মেলা-২০১৯ এ গতকাল বৃহস্পতিবার যোগ দিয়েছে । জানা যায়, পিকেএসএফ এবং ইফাদ এর সহযোগিতায় প্রতিষ্ঠানটি নানা ধরনের সামাজিক উন্নয়ন কার্যক্রমসহ দীর্ঘদিন ধরে নিরাপদ সবজি উত্পাদন করে আসছে। সংস্থাটির সহকারী পরিচালক (কার্যক্রম) মো. কামরুজ্জামান জানান, তাদের প্রায় দুই হাজার উদ্যোক্তা চাষি বিভিন্ন কর্ম এলাকায় জৈবসার এবং সেক্সফেরোমন ট্র্যাপ ব্যবহার করে এসব নিরাপদ সবজি উত্পাদন করছেন।
