তৈরি পোশাক খাতকে নিরাপদ রাখতে আরসিসিকে শক্তিশালী করার আহ্বান

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:৪০

ইইউ রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক

ইত্তেফাক রিপোর্ট

বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলো নিরাপদ ও কর্মবান্ধব রাখতে রিমেডিয়েশন কো-অর্ডিনেশন সেলকে (আরসিসি) উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। ক্রেতাদের চাহিদা মোতাবেক দেশের প্রায় সকল কারখানা পরিদর্শন সম্পন্ন হয়েছে। এগুলো সঠিকভাবে পরিচালনার জন্য তদারকি চলছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রমের পর যাতে দেশের তৈরি পোশাক কারখানাগুলো নিরাপদে পরিচালিত হয়, সেজন্য বাংলাদেশ সরকার আরসিসি গঠন করেছে। এখানে দক্ষ ও অভিজ্ঞ জনবল রয়েছে। তৈরি পোশাকের ক্রেতাগোষ্ঠী এতে সন্তুষ্ট বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ন ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংকের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি ইউরোপিয়ন ইউনিয়নকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে বাংলাদেশ সরকার বিশেষ সুবিধা ঘোষণা করেছে। এখানে বিনিয়োগ করলে ইউরোপিয়ন ইউনিয়নের ব্যবসায়ীরা বেশি লাভবান হবেন।

ইউরোপিয়ন ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, ইউরোপের সাথে বাংলাদেশের চলমান বাণিজ্য আরও বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে বিনিয়োগে কিছু জটিলতা আছে। বাংলাদেশ সরকারকে সে জটিলতাগুলো অবসান ঘটাতে হবে। তৈরি পোশাক কারখাগুলোকে নিরাপদ রাখতে আরসিসিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

 

 

০