বিচারাধীন মামলার আলামত (৫০ লক্ষ টাকার ব্যাংক চেক) চুরির মামলায় এম এ হোসেন খান নামের এক আইনজীবীকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর নাহিদুর রহমান ওই আইনজীবীকে গ্রেফতার করে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মামলা সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন একটি চেক প্রতারণার মামলার (৪২৭/১৬) নথি দেখার অনুরোধ করে। এর আগে ওই আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান নাইকো মামলার ধার্য তারিখ থাকায় ওই দিন সকালে ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে চলে যান। পরে আদালতের অফিস সহায়ক তাকে মামলার নথি দেখায়। মামলার নথি ফেরত দেওয়ার পর বাদী পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পায় মামলার আলামত প্রাইম ব্যাংকের ৫০ লক্ষ টাকার মূল চেকটি নাই। এসময় হোসেন খানকে জিজ্ঞাসা করলে তিনি তড়িঘড়ি করে আদালতের এজলাস কক্ষ থেকে বের হয়ে যান। এ ঘটনায় আদালতের অফিস সহায়ক শামছুন্নাহার চৌধুরী বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন।
