আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনপত্র সংগ্রহ ৭ জনের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০০:৩৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ৭ জন। একই সঙ্গে কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ৫ জন আবেদনপত্র ক্রয় করেছেন। আজ শুক্রবার পর্যন্ত ফরম বিক্রি চলবে। গত বুধবার থেকে বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

ঢাকা উত্তরের মেয়র পদে ফরম সংগ্রহকারীরা হলেন- স্থগিত হওয়া নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সহ-সম্পাদক, সাবেক ছাত্রনেতা কবি রাসেল আশেকী, ব্যবসায়ী আদম তমিজী হক, ইয়াদ আলী ফকির, কুতুব উদ্দিন, আরিফ হোসেন ও শহীদুল্লাহ ওসমানী।

কিশোরগঞ্জে ১- আসনের জন্য আবেদনপত্র সংগ্রহকারীরা হলেন- সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-পাঠাগার সম্পাদক এম এ হান্নান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান হুমায়ুন।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপ-নির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন। আদালতের নির্দেশে এ নির্বাচন স্থগিত রাখা হয়। সম্প্রতি আইনি প্রক্রিয়ায় উত্তর সিটি নির্বাচনের পথ খুলে গেলে আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে ইসি।