ব্রিটেনে মাতৃত্বকালীন ছুটিতে থাকা এমপিরা অন্যের মাধ্যমে ভোট দিতে পারবেন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০০:৩৪

ব্রিটেনে মাতৃত্বকালীন কিংবা পিতৃত্বকালীন ছুটিতে থাকা এমপিরা অন্যের মাধ্যমে ভোট দিতে পারবেন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের প্রধান অ্যান্ড্রিয়া লিডসন এই ঘোষণা দিয়েছেন। আগামী ২৮ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন হতে পারে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, সমপ্রতি ব্রেক্সিট ভোটের জন্য সন্তানের জন্মদান দুইদিন পিছিয়ে আলোচনার জন্ম দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকা এমপিদের ভোট দেওয়ার ব্যবস্থার দাবি জানান। তার দাবির সঙ্গে একমত পোষণ করেন অনেক নারী ও পুরুষ এমপি।

টিউলিপ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। অ্যান্ড্রিয়া লিডসন বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, হাউস অব কমন্সে একটি প্রস্তাব এসেছে যেটি পাস হলে মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন ছুটিতে থাকা এমপিরা ছায়া ভোট দিতে পারবেন। অর্থাত্ তার ভোটটি অন্য কেউ দিতে পারবেন। এটি ২৮ জানুয়ারি অনুমোদন হলে ব্রিটিশ পার্লামেন্ট আরো আধুনিক হবে। এর ফলে আমরা যেমন পার্লামেন্টের প্রতি দায়িত্বশীল থাকবো, তেমনি মাতা-পিতার প্রতিও আমাদের শ্রদ্ধা থাকবে। -ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান